ইন্টারনেট সেবাকে করমুক্ত করার প্রস্তাব বেসিস সভাপতির
ডিজিটাল বৈষম্য কমিয়ে আনতে ইন্টারনেট সেবাদাতাদের আইটিএএস সেবার অন্তর্ভূক্তি অথবা এ ধরনের প্রতিষ্ঠানের করপোরেট কর ন্যূনতম অংকে নামিয়ে আনার আহ্বান জানিয়েছেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর।
শনিবার সেন্টার ফর পলিসি ডায়লগের আয়োজনে বাজেট সংলাপে এই দাবি জানান তিনি।
ইন্টারনেটের ওপর কর আরোপ না করলে ইন্টারনেট নির্ভর সেবা থেকে সরকার আরো বেশি রাজস্ব আয় করতে পারবে বলে মত দেন বেসিস সভাপতি।
দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো যেনো বিদেশেও সেবা দিতে পারে সে জন্য জিটুজি চুক্তির ওপর গুরুত্বারোপ করেন সৈয়দ আলমাস কবির।
একইসঙ্গে মুঠোফোনে লেনদেনের ওপর কর বাড়ানোটা ডিজিটাল প্রবৃদ্ধির সঙ্গে সাংঘর্ষিক বলেও মনে করেন তিনি।
সিপিডির ফেলো অধ্যাপক ড.মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী মোহাম্মাদ আব্দুল মান্নান।
অংশীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত বাজেট বিশ্লেষণ ডায়ালগে সাবের হোসেন চৌধুরী,আমীর খসরু মাহমুদ চৌধুরী,এফবিসিসিআই প্রেসিডেন্ট জসিম উদ্দিন, সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, এমসিসিআই প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবির প্রমুখ সংযুক্ত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই সিপিডি’র বাজেট পর্যালোচনা উপস্থাপন করেন সিপিডি’র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।